থাকলো না ডেটার ‘ক্যারি ফরওয়ার্ড’ সীমা
মোবাইল ফোনের ইন্টারনেটের প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা ব্যবহারের যে সীমাবদ্ধতার (লিমিট) শর্ত ছিল, তা তুলে নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। মুঠোফোন ব্যবহারকারী গ্রাহকদের ডাটা ক্যারি ফরওয়ার্ড সম্পর্কিত সংশোধিত নির্দেশনায়, আগে ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করার বাধা তুলে নেয়া হয়েছে।
ফলে এই নির্দেশনা কার্যকর হলে একজন গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদান্তে অব্যবহৃত ডাটা (বোনাসসহ) ক্যারি ফরওয়ার্ড (Carry Forward) হবে। এক্ষেত্রে ‘মেয়াদান্তে অব্যবহৃত ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই’ একই ডাটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদসহ) ক্রয় করতে হবে‘ গ্রাহককে ।
এর আগে গত বছরের ১৫ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জারিকৃত ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ এ একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করার নির্দেশনা বিদ্যমান ছিল। গ্রাহক স্বার্থ বিবেচনায় এই নির্দেশনা সংশোধন করে ৫০ জিবি ক্যারি ফরওয়ার্ড এর সীমা বাতিল করা হয়েছে।
এরই মধ্যে সংশোধিত নির্দেশনাটি সকল মোবাইল অপারেটরসমূহকে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিটিআরসি’র মিডিয়া উইং।
প্রসঙ্গত, এর আগে ইন্টারনেট প্যাকেজের মেয়াদান্তে একই ডাটা প্যাকেজ কিনলেও অবশিষ্ট ডাটা ব্যবহার করতে পারতেন না গ্রাহকরা। যা নিয়ে ক্ষোভ ছিল। বিটিআরসির নতুন এই নিয়মের ফলে সেই বাধা আর থাকল না। নতুন এই নিয়ম বাস্তবায়ন হলে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডাটার মেয়াদ শেষে ওই একই প্যাকেজ ক্রয় করলেই তাতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে আগের অব্যবহৃত ডাটা।







